গুয়াহাটি, ১১ নভেম্বর: দীপাবলির সময় গুয়াহাটিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে মহানগরবাসীর মধ্যে। গত বছরের তুলনায় এ বার দীপাবলির সময় বায়ুর গুণমান সূচক বা একিউআই বেড়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দীপাবলির আগের দিন গুয়াহাটির একিউআই ছিল ৫১। ২০২৬ সালে একই দিনে তা বেড়ে হয়েছে ৮০।

২০২৫ সালের দীপাবলির দিন শহরের একিউআই ছিল ৭৮। এ বার দীপাবলির দিনে তা বেড়ে ১০৮ হয়েছে। দীপাবলির পরের দিন একিউআই পৌঁছেছে ১৪৯-এ।

আতশবাজি ও পটকা পোড়ানোর ফলে বাতাসে পিএম ২.৫ এবং পিএম ১০-এর মতো সূক্ষ্ম দূষক কণার পরিমাণ বেড়ে যায়। এর জেরে বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভোগা মানুষদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

দীপাবলির সময় দূষণ বৃদ্ধির ঘটনায় শহরের বায়ুর গুণমান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।