নয়াদিল্লি: প্রাকৃতিক দুর্যোগের মতো বিপজ্জনক পরিস্থিতিতেও সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের কাজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে দীপাবলি মিলন অনুষ্ঠানে তিনি বলেন, নিউজরুমে অসম্ভব বলে কিছু নেই।
“ভূমিকম্প বা বন্যার সময় যখন সকলে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন, তখন সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে ঘটনাস্থল থেকে খবর পৌঁছে দেন।”
মোদী বলেন, এই কাজে অনেক সময় সাংবাদিকদের নিজেদের পরিবারের চিন্তাও পিছনে ফেলে রাখতে হয়। তাঁদের এই দায়বদ্ধতা ও নিষ্ঠার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
নিউজরুমের নির্ধারিত সময়সীমার সঙ্গে দেশের লক্ষ্যপূরণের তুলনা টেনে তিনি বলেন, সময়সীমা অগ্রাধিকার ঠিক করতে এবং কাজের গতি ধরে রাখতে সাহায্য করে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শেষ বছরের অপেক্ষা না করে ছোট ছোট সময়বদ্ধ লক্ষ্য স্থির করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
২০০১ সালে সাংবাদিকদের কাছ থেকেই গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার খবর পেয়েছিলেন বলে স্মৃতিচারণ করেন মোদী। তিনি জানান, ১১ অশোক রোডে তাঁর ঘরে সাংবাদিকেরা এসে মিষ্টি দাবি করলে তবেই তিনি ওই সিদ্ধান্তের কথা জানতে পারেন।
ফ্যাক্স মেশিন ও ওবি ভ্যানের যুগ থেকে ইনস্টাগ্রাম রিল এবং মোবাইল-ভিত্তিক প্রতিবেদনের সময় পর্যন্ত সাংবাদিকতার বদলের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, মোবাইল ফোনই কার্যত এখন নতুন ওবি ভ্যান হয়ে উঠেছে।
মোবাইল উৎপাদন, স্টার্ট-আপ, ইউপিআই এবং পরিকাঠামোয় ভারতের সাফল্যকে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বান জানান মোদী। চার কোটি পরিবারকে পাকা বাড়ি এবং ১২ কোটি পরিবারে শৌচাগার দেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করে তিনি বলেন, ভারতের সাফল্যের কাহিনি বিশ্বের সামনে পৌঁছে দেওয়া প্রয়োজন।
তরুণদের মাদকাসক্তি নিয়ে সচেতনতা বাড়ানোর আবেদনও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিচ্ছন্নতা, ডিপফেক, জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি নিয়ে জনআলোচনা এবং বিতর্কে গুরুত্ব দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।