নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ কার্যকর করার সঙ্গে যুক্ত সাংবিধানিক সংশোধনী বিল পাস করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করছে কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে পাস করানো সম্ভব হবে বলে তারা আশাবাদী।
প্রস্তাবিত সংশোধনীতে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে লোকসভার সর্বাধিক আসনসংখ্যা বর্তমানের ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে। এর ফলে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার পথ খুলবে বলে মনে করা হচ্ছে।
এই সাংবিধানিক সংশোধনী পাস করাতে লোকসভায় ৩৬১ ভোট প্রয়োজন। ৫৪৩ সদস্যের লোকসভায় এখন তিনটি আসন শূন্য রয়েছে। বিশেষ অধিবেশনের দিনক্ষণ বা মেয়াদ অবশ্য এখনও জানানো হয়নি।
এর আগে ১৭ এপ্রিল বাজেট অধিবেশনের বিশেষ বৈঠকে একই ধরনের সাংবিধানিক সংশোধনী বিল লোকসভায় প্রয়োজনীয় সমর্থন পায়নি।
১৩ অগস্ট দুই কক্ষ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার পরেও বর্ষাকালীন অধিবেশন আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করা হয়নি। ফলে ৯১ দিন ধরে অধিবেশনটি আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত না হওয়ার নজির তৈরি হয়েছে, যা ২০০৮ সালের ৮৭ দিনের আগের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। চলতি অধিবেশনের মধ্যেই বৈঠক বাড়াতে ন্যূনতম দু’দিনের নোটিস লাগে, নতুন অধিবেশন ডাকতে লাগে অন্তত ১৪ দিনের নোটিস।
দক্ষিণের রাজ্যগুলির উদ্বেগ কমাতে সব রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে সরকার। ২০২৯ সালের লোকসভা ভোটের আগে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করাই লক্ষ্য।
নতুন খসড়ায় ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসনের বর্তমান অনুপাত বজায় রাখার প্রস্তাবও রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তবে এটি বিবেচনাধীন একাধিক বিকল্পের একটি এবং এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।