কিস্তওয়ার, ১২ নভেম্বর: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার ডাচ্ছান-মারওয়াহ এলাকায় নিখোঁজ দুই বিশেষ পুলিশ অফিসার বা এসপিও-র দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে দেহ দুটি উদ্ধার হয় বলে জানা গিয়েছে।

মৃতদের রশপাল কুমার ও বাবি চান্দ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা এক দিন আগে নিখোঁজ হয়েছিলেন।

কী ভাবে তাঁদের মৃত্যু হল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

কিস্তওয়ারের দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির আশঙ্কায় দীর্ঘদিন ধরেই সতর্ক রয়েছে নিরাপত্তাবাহিনী। চলতি বছরে ওই অঞ্চলে ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ অভিযানকারী দল এসওজি এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সঙ্গে জঙ্গিদের একাধিক সংঘর্ষ হয়েছে।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, জইশ-ই-মহম্মদের একটি জঙ্গি গোষ্ঠী কিস্তওয়ারের উঁচু পাহাড়ি এলাকায় সক্রিয় থাকতে পারে। আন্তর্জাতিক সীমান্ত থেকে কাঠুয়া হয়ে ডোডা ও কিস্তওয়ারের পাহাড়ি অঞ্চলে জঙ্গিদের অনুপ্রবেশের সম্ভাবনাও বিবেচনা করছে নিরাপত্তা সংস্থাগুলি।

চলতি বছরের জানুয়ারিতে ছত্রু এলাকায় ‘ত্রাশী-১’ নামে একটি অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানে সেনার বিশেষ বাহিনীর এক হাবিলদার নিহত এবং কয়েক জন জওয়ান আহত হন। পরে ৪ ফেব্রুয়ারি এক জঙ্গি এবং ২২ ফেব্রুয়ারি আরও তিন জঙ্গি নিহত হয় বলে জানা গিয়েছে।

জঙ্গিদের খাবার, মোবাইল ফোন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে স্থানীয় সহযোগী গোষ্ঠী বা ওজিডব্লিউদের ভূমিকা নিয়েও সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি। টাকার বিনিময়ে জঙ্গিদের এ ভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে।