নাগপুর: দীপাবলির সঙ্গে যুক্ত নানা প্রথার নেপথ্যে বৈজ্ঞানিক যুক্তি আছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। বুধবার নাগপুরে একটি দীপাবলি মিলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভাগবতের দাবি, আগে যে বাজি পোড়ানো হত, তাতে এখনকার মতো রাসায়নিক পদার্থ থাকত না। ওই ধোঁয়া বিশেষত ফসল কাটার মরসুমে পোকামাকড় ও কীটপতঙ্গ মারতে সাহায্য করত এবং এক অর্থে পরিবেশও শুদ্ধ করত।

“আগেকার বাজি আজকের মতো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হত না। তার ধোঁয়া পোকামাকড় ও কীটপতঙ্গ মারতে সাহায্য করত, বিশেষ করে ফসল কাটার সময়ে। এক অর্থে তা বাতাসও শুদ্ধ করত,” বলেন তিনি।

ঘি বা তেলের প্রদীপ জ্বালানোর প্রসঙ্গেও আরএসএস প্রধান বলেন, এ ধরনের প্রদীপ জ্বালালে পরিবেশে এক বিশেষ ধরনের বাতাস তৈরি হত। এই রীতির পিছনেও বিজ্ঞান রয়েছে বলে তাঁর দাবি।

উৎসবের প্রথাগুলির গুরুত্ব বুঝে সঠিক ভাবনায় তা পালন করার আর্জি জানিয়ে ভাগবত বলেন, এতে মানুষ ও পরিবেশ— উভয়েরই উপকার হবে। তাঁর কথায়, উৎসব সমাজকে সজীব রাখে এবং কেউ যতই বন্ধ করার চেষ্টা করুক, তা বন্ধ হবে না।

দীপাবলি অন্ধকারের উপর আলোর জয়ের প্রতীক বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই উৎসব জ্ঞানের আলো ছড়ানো এবং সম্প্রীতির সমাজ গড়ার বার্তাও দেয়। আমেরিকা ও ব্রিটেনের সংসদের মতো প্রতিষ্ঠানেও দীপাবলি স্বীকৃতি পেয়েছে বলে তিনি জানান।