নয়াদিল্লি, ১২ নভেম্বর: সকালে হাঁটার সময় হঠাৎ অচেতন হয়ে পড়লেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবারের এই ঘটনার পরে তাঁকে নয়াদিল্লির সর্বভারতীয় চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠান বা এইমসে ভর্তি করানো হয়েছে।

৭৫ বছরের ধনখড়কে এইমসের কার্ডিয়ো-নিউরো কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। তিনি এখন কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, হাঁটার সময় আচমকাই তিনি পড়ে যান এবং কয়েক মিনিট অচেতন ছিলেন। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে তাঁকে পুলিশের গাড়িতে করে তাঁর বাসভবনে নিয়ে যান। পরে আইএলবিএসের চিকিৎসকদের একটি দল এবং এইমসের চিকিৎসক সন্দীপ শেঠ তাঁর চিকিৎসা করেন।

শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ায় পরে অ্যাম্বুল্যান্সে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও তাঁর স্বাস্থ্য সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

২০২২ সালের অগস্ট থেকে ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি ছিলেন ধনখড়। স্বাস্থ্যজনিত কারণ এবং চিকিৎসকদের পরামর্শকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি ২০২৫ সালের জুলাইয়ে পদত্যাগ করেন।

এর আগেও একাধিক বার অচেতন হয়েছেন তিনি। ২০২৫ সালের মার্চে বুকে ব্যথা নিয়ে এইমসের জরুরি বিভাগে ভর্তি হয়েছিলেন ধনখড় এবং তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়। ওই বছরের জুনে নৈনিতালে একটি প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়ও তিনি অচেতন হয়ে পড়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে বাসভবনে দু’বার অচেতন হওয়ার ঘটনাও ঘটেছিল।