নতুন দিল্লি, ১২ নভেম্বর: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর কন্যা হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেওয়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৭ কোটি টাকা দাবি করেছে বলে অভিযোগ।
আম আদমি পার্টির দিল্লির তিলক নগর কেন্দ্রের বিধায়ক জারনেল সিংহের পুলিশের কাছে দায়ের করা অভিযোগের পর ঘটনাটি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, ৬ নভেম্বর বিধায়কের ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি ফোন আসে। পরে ওই একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপেও হুমকির বার্তা পাঠানো হয়।
ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে কেজরিওয়ালকে ৭ কোটি টাকা দিতে বলতে বিধায়ককে নির্দেশ দেয়। টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর কন্যাকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপ বার্তাতেও টাকার দাবি ও খুনের হুমকির কথা উল্লেখ ছিল।
৬ নভেম্বর পঞ্জাবের মোহালীর জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান জারনেল। সেই অভিযোগের ভিত্তিতে মোহালীর সাইবার অপরাধ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।
তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ থানার পরিদর্শক সুনীল কুমারকে। যে মোবাইল নম্বর থেকে হুমকি পাঠানো হয়েছে, তার কল ডিটেলস রেকর্ড, আইপি লগ এবং অবস্থান সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে পুলিশ। হুমকিদাতার প্রকৃত পরিচয় জানার চেষ্টাও চলছে।
কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের দাবি জানিয়েছেন জারনেল। হুমকিদাতার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখার আবেদন করেছেন তিনি। ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করলেও, গ্যাংটির সঙ্গে তাঁর প্রকৃত যোগ এখনও নিশ্চিত হয়নি।