মাকুম, ১২ নভেম্বর: চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান, চা জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেওয়া এবং দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে মাকুমে দু’ঘণ্টার বিক্ষোভ কর্মসূচি পালন করল অসম চা জনজাতি ছাত্র সংস্থা বা আটসা।

আটসার কেন্দ্রীয় কমিটির নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি নেওয়া হয়। তারই অংশ হিসেবে আটসার মাকুম শাখা কমিটির উদ্যোগে এবং সব উপশাখা কমিটির সহযোগিতায় মাকুমের সহ-জেলা আয়ুক্তের দফতর চত্বরে বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভ শেষে মাকুমের সহ-জেলা আয়ুক্তের মাধ্যমে তিনসুকিয়ার জেলা আয়ুক্তের কাছে দাবিদাওয়া-সংবলিত স্মারকলিপি পাঠানো হয়। চা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা এবং প্রাপ্য অধিকারের দাবিগুলি দ্রুত পূরণের জন্য সরকারের কাছে দাবি জানায় সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটসার কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কনক কুর্মি ও দয়ারাম ভক্ত, তিনসুকিয়া জেলার শিক্ষা সম্পাদক কার্তিক তান্তি, মাকুম শাখা কমিটির সভাপতি রবি কুর্মি এবং সম্পাদক দীপক কুর্মি-সহ অন্য পদাধিকারীরা।