আসন্ন জাতিগণনায় আহোমদের ধর্ম, জাতি ও ভাষাগত পরিচয় সঠিকভাবে নথিভুক্ত করার আবেদন জানিয়েছে বিভিন্ন আহোম সংগঠন। তাদের দাবি, অসমে প্রায় ৬০ লক্ষ আহোম মানুষের বাস। জাতিগণনায় প্রকৃত সংখ্যা নিরূপণ হলে তাঁদের পরিচয় ও অধিকার সুরক্ষিত করতে সুবিধা হবে।
সংগঠনগুলির পক্ষ থেকে টাই-আহোম সমাজের মানুষকে ধর্মের ঘরে ‘টাই’, জাতির ঘরে ‘আহোম’ এবং ভাষার ঘরে ‘অসমীয়া ও টাই’ লেখার অনুরোধ জানানো হয়েছে। সংগঠনগুলির বক্তব্য, আহোমদের জাতি টাই-আহোম, ধর্ম ফী-ডাম এবং ভাষা টাই অথবা অসমীয়া।
তাদের মতে, সঠিক জনসংখ্যার তথ্য থাকলে বিশেষ অর্থনৈতিক প্যাকেজ, রাজনৈতিক অধিকার এবং বিভিন্ন সরকারি সুবিধার প্রশ্নে আহোমদের দাবি জোরদার হবে।
আহোমদের জনজাতিকরণের দীর্ঘদিনের দাবি নিয়ে সরকারের ভূমিকায় অসন্তোষও প্রকাশ করেছে সংগঠনগুলি। তাদের অভিযোগ, আহোম সংগঠনগুলির যৌথ বৈঠকে মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের পর জনজাতিকরণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রায় ছ’মাস পেরিয়ে গেলেও এ নিয়ে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি বা আলোচনা হয়নি।
সংগঠনগুলির দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, আহোমদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকারকে দ্রুত বাস্তব পদক্ষেপ করতে হবে।
অন্য দিকে, টাই আহোম যুব পরিষদ জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ নভেম্বর গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে দু’দিনের কর্মসূচিতে মহাবীর লাচিত দিবস পালন করা হবে। অনুষ্ঠানে সব শ্রেণির মানুষের উপস্থিতি ও সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা।
এ বছর মহাবীর লাচিত পুরস্কার দেওয়া হবে মার্শাল নগেন হাজরিকাকে। সংগঠনের দাবি, ২০১২ সাল থেকে এই পুরস্কার চালু রয়েছে। লাচিত বরফুকনের বীরত্ব ও ত্যাগকে বিশ্বের দরবারে আরও পরিচিত করে তুলতে সকলের সহযোগিতাও চেয়েছে তারা।