ডিগবই: ভারত-মায়ানমার সীমান্ত বাণিজ্য ও সম্পর্ক বিষয়ক আন্তঃকলেজ প্রাইজমানি কুইজ প্রতিযোগিতা হল ডিগবই কলেজে। কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষের উদ্যোগে এবং অসম সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি বিষয়ক বিভাগের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্ব এবং ভারত-মায়ানমার সীমান্তে বাণিজ্যের সম্ভাবনা সম্পর্কে পড়ুয়াদের সচেতন করাই ছিল এই কুইজের উদ্দেশ্য। প্রতিযোগিতাটি পরিচালনা করে কুইজ পরিচালন গোষ্ঠী ‘কুয়েশ্চন’।
প্রথম স্থান অধিকার করেছেন ডিগবই কলেজের প্রিয়ম দাস ও ময়ূখমলি দেব। তাঁরা নগদ ৫,০০০ টাকা এবং শংসাপত্র পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের হীরকজিত শর্মা ও পূর্বাহ্ন বরা। তাঁদের হাতে নগদ ৪,০০০ টাকা ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
তৃতীয় স্থান অধিকার করেছেন মার্ঘেরিটা কলেজের বৃষ্টি বরগোঁহাই ও বাবলি হাচদা। তাঁরা নগদ ৩,০০০ টাকা এবং শংসাপত্র পেয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষের সমন্বয়ক ড. পবন গগৈ, নোডাল আধিকারিক ড. মুকুন্দ মাধব গগৈ এবং সহকারী অধ্যাপক ড. শুভাশীষ গগৈ।