খাগ্রাবাড়ি, ১৩ নভেম্বর: ওদালগুড়ি জেলার খাগ্রাবাড়ি জনতা হাইস্কুল মাঠে ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল বা ইউপিপিএলের পঞ্চম ত্রিবার্ষিক অধিবেশন। দু’দিনের এই অনুষ্ঠানে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের বিভিন্ন জেলার প্রতিনিধিরা যোগ দেবেন।

আয়োজকদের দাবি, জেলা, ব্লক ও প্রাথমিক স্তর মিলিয়ে ৩,০০০-এর বেশি প্রতিনিধি অধিবেশনে অংশ নেবেন। তাঁদের অভ্যর্থনা ও থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

প্রথম দিন দলীয় পতাকা উত্তোলন করবেন ইউপিপিএল সভাপতি তথা বিটিআরের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং রাজ্যসভার সাংসদ প্রমোদ বড়ো। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন দলের সহ-সভাপতি তথা বিটিআরের প্রাক্তন উপ-মুখ্য কার্যনির্বাহী সদস্য গোবিন্দচন্দ্র বসুমতারি।

দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন মন্ত্রী উরখাও গৌরা ব্রহ্ম প্রতিনিধি অধিবেশনের উদ্বোধন করবেন। অধিবেশনের পরে দলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনেরও আয়োজন রয়েছে।

১৪ নভেম্বর সকালে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। সকাল ১১টা ৩০ মিনিটে দলের কার্যকরী সভাপতি ও রাজ্যসভার সাংসদ রৌংগ্রা নার্জারির সভাপতিত্বে শুরু হবে প্রকাশ্য সভা। সেই সভার উদ্বোধন করে ভাষণ দেবেন প্রমোদ বড়ো।

প্রকাশ্য সভায় উরখাও গৌরা ব্রহ্ম, লোকসভার সাংসদ ও দলের সহ-সভাপতি জয়ন্ত বসুমতারি-সহ একাধিক প্রবীণ নেতা বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সামাজিক উন্নয়ন এবং নাগরিকদের মধ্যে ঐক্য ও সংহতি মজবুত করার উপর অধিবেশনে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।