গুয়াহাটি, ১২ নভেম্বর: ২০২৭ সালের বিশেষ সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধন (SSR) প্রক্রিয়ার অধীনে বৃহস্পতিবার অসমের খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে প্রকাশিত এই তালিকায় মোট ২,৫১,৭৬,৯১০ জন ভোটারের নাম রয়েছে।

অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ১,২৫,৮৭,৬৫০ জন পুরুষ, ১,২৫,৮৮,৯৩৯ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ৩২১ জন ভোটার রয়েছেন। ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে ২,১৮,৭১১ জন।

কামরূপ মেট্রোপলিটন জেলায় মোট ভোটার ১০,৬১,৩৫২ জন। জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিসপুরে সবচেয়ে বেশি ২,৪৬,৩৬৭ জন ভোটার রয়েছেন। ডিমোরিয়ায় ২,১৯,৬৩৫ জন, জালুকবাড়িতে ২,০৯,১৩৩ জন, গুয়াহাটি সেন্ট্রালে ১,৯৩,৪৪২ জন এবং নিউ গুয়াহাটিতে ১,৯২,৭৭৫ জন ভোটার রয়েছেন।

রাজ্যজুড়ে খসড়া তালিকায় ২,০৫,৯৬২ জন বিশেষভাবে সক্ষম ভোটার, ১৮ থেকে ১৯ বছর বয়সি ২,৮৭,২৩৩ জন তরুণ ভোটার এবং ৮৫ বছর বা তার বেশি বয়সি ১,২২,১৯৮ জন ভোটারের নাম রয়েছে। রাজ্যে মোট ৩১,৫১৬টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।

নির্বাচন কমিশন ভোটারদের খসড়া তালিকায় নিজেদের নাম ও তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে। নাম না থাকলে বা তথ্যের ভুল থাকলে ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে।

ভোটারদের সুবিধার জন্য ২১ ও ২২ নভেম্বর এবং ৫ ও ৬ ডিসেম্বর বিশেষ অভিযান চালানো হবে। দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৮ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ জানুয়ারি, ২০২৭।