দিমাপুর, ১২ নভেম্বর: অনুকূল আর্দ্রতা এবং উর্বর মাটির কারণে নাগাল্যান্ডের পাদদেশের এলাকাগুলিতে চন্দন চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বন গবেষণা ও শিক্ষা পর্ষদের বিজ্ঞানীরা। পরিণত গাছে হৃদকাঠের বিকাশও সন্তোষজনক বলে তাঁদের পর্যবেক্ষণ।
চন্দন গাছের বৃদ্ধি, পরিণত গাছে হৃদকাঠের বিকাশ এবং রাজ্যের মাটি ও আবহাওয়ার উপযোগিতা খতিয়ে দেখতে মঙ্গলবার নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় যান বেঙ্গালুরুর বনকাঠ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, বন জীববৈচিত্র্য ইনস্টিটিউট এবং যোরহাটের রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের একটি দল।
বুধবার কোহিমার নাগাল্যান্ড সিভিল সেক্রেটারিয়েটে বিজ্ঞানীদের সঙ্গে সমন্বয় বৈঠক করে রাজ্যের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতর। নাগাল্যান্ডের প্রধান সচিব ও উন্নয়ন কমিশনার ওয়াই কিখেতো সেমার সভাপতিত্বে ওই বৈঠক হয়।
বন গবেষণা ও শিক্ষা পর্ষদের বিজ্ঞানীদের সঙ্গে যৌথ ভাবে রাজ্যে চন্দন ও লাল চন্দনের বাণিজ্যিক চাষের সম্ভাবনা খতিয়ে দেখছে দফতর। বৈঠকে বন জীববৈচিত্র্য ইনস্টিটিউটের অধিকর্তা ডক্টর স্বপনেন্দু পট্টনায়ক, বেঙ্গালুরুর বনকাঠ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞানী-এফ ডক্টর বি এন দিবাকারা, রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী-ই ডক্টর সত্যম বরদলৈ এবং ওই প্রতিষ্ঠানের বিজ্ঞানী ডক্টর রাকেশ কুমার প্রজাপত রাজ্যের বিভিন্ন এলাকায় চন্দন ও লাল চন্দন চাষের সম্ভাবনা নিয়ে তাঁদের পর্যবেক্ষণ ও কারিগরি মূল্যায়ন তুলে ধরেন।
বিজ্ঞানীরা জানান, অসমের ডিফুর সংলগ্ন এলাকায় হওয়া বৈজ্ঞানিক সমীক্ষাতেও ইতিবাচক ফল মিলেছে। তা থেকে এই অঞ্চলে চন্দন চাষের উপযোগিতা আরও স্পষ্ট হয়েছে বলে তাঁদের মত।