লখিমপুর, ১৩ নভেম্বর: সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে শুক্রবার সকাল থেকে লখিমপুরের বগীনদীর ১ নম্বর পিজিআর জমিতে উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। বগীনদী সাপ্তাহিক বাজারের কাছে ওই জমিতে বসবাসকারী ১৩২ পরিবারের ঘরবাড়িতে বুলডোজার চালানো হয়েছে।
প্রশাসনের লক্ষ্য, মোট ৩২০ হেক্টর জমি দখলমুক্ত করা। অভিযানে ১৩২ পরিবারের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।
উচ্ছেদ হওয়া একাংশ বাসিন্দার অভিযোগ, গ্রামে হিন্দু ও মুসলিম পরিবার একসঙ্গেই বসবাস করে এলেও অভিযানে কোনও হিন্দু পরিবারকে উচ্ছেদ করা হয়নি। তাঁদের দাবি, বেছে বেছে শুধু সংখ্যালঘু পরিবারগুলিকেই উচ্ছেদ করা হয়েছে।
“বিজেপি মানুষের কাছে মিথ্যা কথা বলে ভোট নিয়েছে। ভোট না দিলে উচ্ছেদ করা হবে বলেও ভোট নিয়েছিল, এখন আবার উচ্ছেদ করে দিচ্ছে,” অভিযোগ এক উচ্ছেদ হওয়া বাসিন্দার।
উচ্ছেদ হওয়া পরিবারগুলির অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। এই অভিযোগ ঘিরে বগীনদীর উচ্ছেদ অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার বিপাকে পড়েছে। বহু মানুষ চোখের জল ফেলেও নিজেদের দুর্দশার কথা জানিয়েছেন।
“উচ্ছেদ আমরা কখনও মানব না। আমরা এই অসমেই থাকব,” বলেছেন এক উচ্ছেদ হওয়া ব্যক্তি।
সকাল থেকে চলা এই অভিযানকে ঘিরে বগীনদীতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।