কাজিরাঙা: রঙাজানে যাত্রীবাহী একটি ট্রাভেলার ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। গুরুতর জখম কয়েক জনেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
গোলাঘাট জেলা প্রশাসন জানিয়েছে, ১৬টি দেহ রাখা হয়েছে কোহরা হাসপাতালে। বাকি ৭টি দেহ রয়েছে বোকাখাত শহিদ কমলা মিরি অসামরিক হাসপাতালে। রাতেই দেহগুলির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
দুর্ঘটনায় জখমদের কোহরা হাসপাতাল এবং বোকাখাত শহিদ কমলা মিরি অসামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ট্রাভেলারটির চালক আব্দুল মজিদের। গাড়িটির সহকারীরও মৃত্যু হয়েছে। সকালে নগাঁওয়ের ডিমরুগুড়ির ব্লুমিংটন সার্ভিস থেকে খালি গাড়ি নিয়ে বেরিয়েছিল এম পি ট্রাভেলসের ট্রাভেলারটি। গোলাঘাট থেকে ফেরার পথে সেটি যাত্রীতে ভর্তি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কন্টেনারটি নিজের লেন দিয়ে আসার সময় ট্রাভেলারটি ভুল দিক দিয়ে গিয়ে ধাক্কা মারে। ২৭ নম্বর জাতীয় সড়কে নির্ধারিত গতিসীমা থাকলেও ট্রাভেলারটি অত্যধিক গতিতে চলছিল বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় প্রশাসন তদন্ত চালাচ্ছে।