কাজিরাঙা, ১৩ নভেম্বর: কাজিরাঙার রঙাজানে যাত্রীবাহী ট্রাভেলার ও একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যোরহাট থেকে নগাঁও যাওয়ার পথে এএস ০২ এসি ৬৬৯০ নম্বরের ট্রাভেলারটি রঙাজানে কেএ ০১ এট ০৯৭৭ নম্বরের কন্টেনার গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার সময়ে ট্রাভেলারটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের অধিকাংশই কলেজপড়ুয়া ছাত্রছাত্রী বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
সংঘর্ষে ট্রাভেলারটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে বহু যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে। উদ্ধারকারী দল আটকে থাকা যাত্রীদের বার করার চেষ্টা করছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অতুল বরা। তিনি উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখেন। আহতদের উদ্ধার করে কহরা আদর্শ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাস্থলে পরিবারের লোকজনের মধ্যে হাহাকার দেখা গিয়েছে। বহু পরিবার প্রিয়জনের খোঁজে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলায় নিহত ও আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার কারণ তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।