গুয়াহাটি, ১৩ নভেম্বর: কাজিরাঙার রঙাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা। সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে অসমের মানুষ তাঁদের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা দেওয়াই সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। প্রত্যেক আহত ব্যক্তি যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান, তার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রিসভার সদস্য অতুল বরা ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি নিজে উদ্ধার ও সাহায্যকাজের তদারকি করছেন।

একটি যাত্রীবাহী ট্রাভেলার এবং একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাভেলারটিতে কলেজপড়ুয়া ছাত্রছাত্রী-সহ প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা ১১ জন আহতকে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। উদ্ধার ও সাহায্যকাজ চলছে।