কুকুরমারা, ১৩ নভেম্বর: পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রের দখলা উপরহালিতে অবস্থিত ‘ত্রিমূর্তি শিখর’ শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। প্রতিষ্ঠানটি থেকে নির্গত বিষাক্ত দুর্গন্ধ ও পরিবেশদূষণে এলাকায় জনস্বাস্থ্য সঙ্কট তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁদের।
বিক্ষোভকারীরা শিল্পপ্রতিষ্ঠানটির মূল ফটক ঘেরাও করে অবস্থান করেন। তাঁদের দাবি, সেখান থেকে লাগাতার অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার বহু কিশোর-কিশোরী বিভিন্ন অচেনা রোগে আক্রান্ত হতে শুরু করেছে। শিল্পপ্রতিষ্ঠানটির বিষাক্ত দূষণের জেরেই গত তিন বছরে এলাকায় ২৮ জনের অকালমৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
বাসিন্দাদের আরও অভিযোগ, বার বার অভিযোগ জানানো সত্ত্বেও শিল্পপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও প্রশাসন কার্যকর কোনও পদক্ষেপ করেনি। সেই কারণেই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা।
দ্রুত দূষণ বন্ধ করা এবং জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সরকার ও প্রশাসনের কাছে। সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।