গুয়াহাটি, ১৪ নভেম্বর: কাজিরঙার রঙাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের তিন কন্যার মৃত্যু হয়েছে। জ্যোতি মাঝি, দর্পণা মাঝি এবং তাঁদের জ্যাঠতুতো বোন লক্ষ্মী মাঝির শেষকৃত্য আজ, শুক্রবার একসঙ্গেই হওয়ার কথা।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বোন জ্যোতি ও দর্পণার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন লক্ষ্মী। পরে তাঁরও মৃত্যু হয়।
শুক্রবারের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।
আহতদের প্রথমে কহরা আদর্শ হাসপাতাল এবং বোকাখাত শহিদ কমলা মিরি অসামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জন আহত চিকিৎসাধীন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। একই পরিবারের তিন কন্যার মৃত্যুতে আত্মীয়স্বজন শোকে ভেঙে পড়েছেন।