গুয়াহাটি, ১৪ নভেম্বর: কাজিরাঙার রঙাজানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার নেপথ্যে ট্র্যাভেলার চালকের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, দুর্ঘটনার সময়ে গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরে মুখ্যমন্ত্রী বলেন, কাজিরাঙা এলাকায় গাড়ির গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। সাধারণত কাজিরাঙার সীমানায় ঢুকলেই চালকেরা স্বতঃস্ফূর্তভাবে গতি কমান। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাভেলারটির ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘনের ছবি ভিডিওতে দেখা গিয়েছে বলে তাঁর দাবি।

মুখ্যমন্ত্রীর কথায়, ভিডিওতে ট্র্যাভেলারটিকে সোজা পথে আসতে আসতে নিয়ন্ত্রণ হারাতে দেখা গিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসক তথা মন্ত্রী রণোজ পেগুও চালকের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনার কথা বলেছেন বলে তিনি জানান।

অন্য একটি ট্র্যাভেলারের চালকের বক্তব্য উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের আগে থেকেই রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার সমস্যা ছিল। হঠাৎ শর্করার মাত্রা কমে যাওয়া, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের জেরে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, তা পরীক্ষা করা হবে।

তাঁর দাবি, অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বা অন্য কোনও গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ভিডিওতে মনে হচ্ছে না। অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ না হলেও ট্র্যাভেলারটি রাস্তার পাশে উল্টে যেতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

চালকের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে মরণোত্তর পরীক্ষা করানোর ব্যবস্থা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। চালক মাদক সেবন করেছিলেন কি না, গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল কি না এবং স্বাস্থ্যজনিত সমস্যা ছিল কি না, সেই সব দিকও তদন্তে দেখা হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, ট্র্যাভেলারটিতে প্রায় ৪১ জন যাত্রী ছিলেন, যা অনুমোদিত আসনসংখ্যার চেয়ে বেশি। গাড়ির মালিকেরা ঋণের কিস্তি মেটানোর অজুহাতে চালকদের বেশি গতিতে গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রী বহনের জন্য চাপ দেন বলেও অভিযোগ করেন তিনি।

রাজ্যের কিছু গাড়িতে গতিনিয়ন্ত্রক যন্ত্র বসানো থাকলেও তার কেটে সেটি নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অতিরিক্ত গতি, অতিরিক্ত যাত্রী বহন, সুরাপান করে গাড়ি চালানো এবং গতিসীমা লঙ্ঘনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় এবং পুলিশ ও চিকিৎসকদের তদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি।