গুয়াহাটি, ১৪ নভেম্বর: পথচারী এবং রাস্তায় চলাচলকারী গাড়ির মালিকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগে গুয়াহাটিতে ২২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

শহর জুড়ে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার অঙ্কুর জৈন জানান, শহরের বিভিন্ন মানুষকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের কাছে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সমন্বিতভাবে অভিযান চালানো হয়েছে।

অভিযানে গুয়াহাটি পুলিশের তিনটি জেলা—পূর্ব, পশ্চিম ও মধ্য—অংশ নেয়। গ্রেফতার হওয়া ২২ জনের মধ্যে ১২ জনকে মধ্য পুলিশ জেলা থেকে, ৯ জনকে পশ্চিম পুলিশ জেলা থেকে এবং এক জনকে পূর্ব পুলিশ জেলা থেকে আটক করা হয়েছে বলে জানান যুগ্ম পুলিশ কমিশনার।

অঙ্কুর জৈন আরও জানান, আটক ব্যক্তিদের তৃতীয় লিঙ্গের পরিচয় নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পরিচয় সংক্রান্ত আরও প্রক্রিয়া এখনও চলছে। তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় পরিচয়পত্র ও প্রমাণপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের ইতিমধ্যেই সংশ্লিষ্ট আদালতে হাজির করানো হয়েছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।