গুয়াহাটি, ১৪ নভেম্বর: ছটপুজো উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য ১৫ ও ১৬ নভেম্বর গুয়াহাটির একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ ও পথ পরিবর্তনের নির্দেশ জারি করেছে মহানগর ট্র্যাফিক পুলিশ।

নির্দেশিকা অনুযায়ী, ১৫ নভেম্বর সকাল ১১টা থেকে ১৬ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত মেঘদূত রোডে বাণিজ্যিক পণ্যবাহী গাড়ি ও ধীরগতির যান চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় হ্যান্ডকার্ট, রিকশা ও পনি কার্টও পড়বে। তবে পুজোর সামগ্রী বহনকারী ধীরগতির যানকে ছাড় দেওয়া হয়েছে। পুজোর সামগ্রী ও ভক্ত বহনকারী যান অবশ্য একই সময়ে নির্দিষ্ট মেঘদূত রোডে চলাচল করতে পারবে না।

খানাপাড়া থেকে ভরলুমুখমুখী সিটি বাস ও এএসটিসির বাস মঠঘরিয়া থেকে এ টি রোড ধরে পানবাজারের দিকে যাবে। জালুকবাড়ি থেকে আসা বাস মেঘদূত রোডে চলতে পারবে না। এএসটিসির অধীনে চলাচলকারী যান এবং ভক্তবাহী গাড়ি ছাড়া অন্য ভারী, মাঝারি ও লাল রঙের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত যান জালুকবাড়ি থেকে ভরলুমুখের দিকে মহানগরে ঢুকতে পারবে না।

ভরলুমুখ থেকে পানবাজার ও চান্দমারীর দিকে যাওয়া যানকে মঠঘরিয়া থেকে এইচ বি রোড অথবা এ টি রোড ব্যবহার করতে হবে। চান্দমারী থেকে পানবাজার, ভরলুমুখ ও জালুকবাড়িমুখী যান এন এইচ-২৭, এইচ বি রোড এবং প্রেসিডেন্ট রোড ধরে চলবে। উজানবাজার ও লতাশিল থেকে ভরলুমুখমুখী হালকা যান প্ল্যানেটেরিয়াম পয়েন্ট থেকে লামডিং রোড, এফ সি রোড ও তায়াবুল্লাহ রোড ধরে এন বি হলের দিকে যাবে।

ভরলুমুখ থেকে আসা পুজোর সামগ্রী ও ভক্তবাহী যান লাচিত ঘাট, লাখী ঘাট, চেম্বার রোড, এম এস রোড, এস আর সি বি রোড এবং এম জি রোডের মার্কেট-সাইড স্ট্রিটে পার্কিং করতে পারবে। সোনারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠেও পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এম জি রোড, এম এল এন রোড, এ আর বি রোড, এস এস রোড, এস আর সি বি রোড, এইচ বি রোড ও টিআরপি রোডে পার্কিং পুরোপুরি নিষিদ্ধ। এ ছাড়া টিআরপি রোড, লাখী গলি, চেম্বার রোড, এস আর সি বি রোড ও কেদার রোডে ভারী ও বাণিজ্যিক যান পার্ক করা যাবে না।

ভরলুমুখ থেকে পানবাজার উড়ালপুলের দক্ষিণ অংশের নদীমুখী রাস্তা ১৫ নভেম্বর সকাল ৭টা থেকে ১৬ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত যান চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে। গুয়াহাটি মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, ট্র্যাফিক এই নির্দেশ জারি করেছেন। ট্র্যাফিক বিধি মেনে চলা ও পুলিশকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে নগরবাসী ও ভক্তদের কাছে।