গুয়াহাটি, ১৪ নভেম্বর: কাজিরঙার রঙাজানে ভয়াবহ পথদুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ট্রাভেলারটির চালকের বিশেষ ময়নাতদন্তের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। চালকের স্ট্রোক হয়েছিল কি না, অথবা তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, দু’টি দিকই তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরে মুখ্যমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ট্রাভেলারটি আচমকা দিক বদলে কন্টেনার ট্রাকটির সামনে চলে যায়। সেই সময় ট্রাভেলারটির সামনে অন্য কোনও গাড়ি দেখা যায়নি বলেও তিনি জানান।

তদন্তকারীরা মূলত দু’টি সম্ভাবনা পরীক্ষা করছেন বলে জানান মুখ্যমন্ত্রী। চালক মদ্যপ ছিলেন কি না এবং তাঁর স্ট্রোক হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চালক কোনও আকস্মিক শারীরিক সমস্যায় পড়েছিলেন কি না, তা জানতে ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, ওই চালক নিয়মিত এই পথে গাড়ি চালাতেন। ফলে কাজিরঙা এলাকার যান চলাচলের নিয়ম এবং গতিসীমা সম্পর্কে তাঁর অবগত থাকার কথা। ওই রাস্তায় ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগের সীমা নির্ধারিত রয়েছে।

বেশি আয়ের জন্য গাড়ির মালিকেরা চালকদের উপর দ্রুত গতিতে গাড়ি চালানো এবং বেশি যাত্রী বহনের চাপ দেন বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এমন চাপের ফলে যানবাহন সংক্রান্ত নিয়ম ভাঙার আশঙ্কা থাকে।

সম্প্রতি রাজ্যে পথদুর্ঘটনা বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী যানবাহন সংক্রান্ত নিয়ম আরও কঠোর ভাবে কার্যকর করার প্রয়োজনীয়তার কথা বলেন। দুর্ঘটনা রুখতে যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। রঙাজানের এই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আহতেরা যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কারণ নির্ধারণে পুলিশ ও চিকিৎসা বিশেষজ্ঞদের তদন্ত চলছে।