রাষ্ট্রসংঘ, ১১ নভেম্বর: অধিকৃত প্যালেস্তিনীয় ভূখণ্ড এবং অধিকৃত সিরীয় গোলানের জনগণের প্রাকৃতিক সম্পদের উপর স্থায়ী সার্বভৌমত্বের অধিকার পুনরায় নিশ্চিত করে আনা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত।

উরুগুয়ে প্রস্তাবটি উত্থাপন করেছিল। প্রস্তাবটির শিরোনাম—‘পূর্ব জেরুজালেম-সহ অধিকৃত প্যালেস্তিনীয় ভূখণ্ডের প্যালেস্তিনীয় জনগণ এবং অধিকৃত সিরীয় গোলানের আরব জনগণের প্রাকৃতিক সম্পদের উপর স্থায়ী সার্বভৌমত্ব’। বুধবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয়।

রাষ্ট্রসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ভারত-সহ ১৫১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ইজরায়েল ও আমেরিকা-সহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ১১টি দেশ ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবে প্যালেস্তিনীয় জনগণ এবং অধিকৃত সিরীয় গোলানের আরব জনগণের জমি, জল ও শক্তি সম্পদ-সহ প্রাকৃতিক সম্পদের উপর তাঁদের অবিচ্ছেদ্য অধিকার পুনরায় নিশ্চিত করা হয়েছে।

অধিকৃত প্যালেস্তিনীয় ভূখণ্ড, পূর্ব জেরুজালেম এবং অধিকৃত সিরীয় গোলানে প্রাকৃতিক সম্পদের শোষণ, ক্ষতিসাধন, হ্রাস এবং বিপন্ন করার কাজ বন্ধ করতে ইজরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমের ভিতরে এবং তার আশপাশে অধিকৃত প্যালেস্তিনীয় ভূখণ্ডে ইজরায়েলের নির্মিত দেওয়াল ও বসতিগুলি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এর ফলে প্যালেস্তিনীয় জনগণ তাঁদের প্রাকৃতিক সম্পদ থেকে গুরুতরভাবে বঞ্চিত হয়েছেন।

২০০৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের দেওয়া পরামর্শমূলক মতামত এবং রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলিতে উল্লেখিত আইনি বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে পালন করার জন্যও ইজরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক মানবিক আইন-সহ আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা মেনে পূর্ব জেরুজালেম-সহ অধিকৃত প্যালেস্তিনীয় ভূখণ্ডের চরিত্র ও মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে নেওয়া সমস্ত নীতি ও পদক্ষেপ অবিলম্বে এবং সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানানো হয়েছে।

এছাড়া প্যালেস্তিনীয়দের বাড়িঘর, অসামরিক পরিকাঠামো, কৃষিজমি ও জলের কুয়ো ধ্বংস বা বাজেয়াপ্ত করা বন্ধ করার পাশাপাশি জলের পাইপলাইন, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুৎ নেটওয়ার্কের ক্ষতিসাধন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

ইজরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড-সহ পরিবেশের ক্ষতি করে এমন সমস্ত কাজ এবং অধিকৃত এলাকায় বর্জ্য ফেলা বন্ধ করার কথাও বলা হয়েছে।

গাজা উপত্যকা-সহ প্যালেস্তিনীয় ভূখণ্ডে পুনর্গঠন ও উন্নয়ন প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে প্রস্তাবটি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপগুলিকে সমর্থন করার আহ্বানও জানানো হয়েছে।