সিডনি, ১৪ নভেম্বর: ২০১৮ সালের কেপ টাউন বল বিকৃতি কাণ্ডের তদন্ত নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর অভিযোগ, তদন্তের সময় মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জশ হ্যাজেলউডের সাক্ষাৎকার নেওয়া হয়নি।
ইনস্টাগ্রামে একটি পোস্টে ওয়ার্নার জানান, তাঁর জানা মতে ২০১৮ সালের তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া ওই তিন বোলারের বক্তব্য গ্রহণ করেনি। তাঁদের সাক্ষাৎকার না নেওয়া হয়ে থাকলে বোলাররা ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না বলে সংস্থাটি কীভাবে সিদ্ধান্তে পৌঁছল, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়ার্নারের অভিযোগ, তদন্তের শুরু থেকেই কাকে দোষী করা হবে, তা ঠিক করে নেওয়া হয়েছিল। তদন্তের পদ্ধতিকে ‘নিম্নমানের’ বলে উল্লেখ করে তিনি দাবি করেছেন, বোলাররা বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না—এই বয়ান বজায় রাখার চেষ্টা চলছে।
উসমান খোয়াজার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালের এই বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। খোয়াজা তাঁর বইয়ে দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত তৃতীয় টেস্টে বলের উপরিভাগ স্যান্ডপেপার দিয়ে ঘষে সুইং তৈরি করার পরিকল্পনার কথা অস্ট্রেলিয়ার গোটা দলই জানত।
অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স খোয়াজার দাবি খারিজ করে শুক্রবার একে ‘১০০ শতাংশ ভুল’ বলে অভিহিত করেছেন।
২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটই কেবল ওই পরিকল্পনা সম্পর্কে জানতেন। এরপর তিনজনকেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল।
২০২১ সালে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়ন এবং প্যাট কামিন্স প্রকাশ্যে জানিয়েছিলেন, ওই পরিকল্পনা সম্পর্কে তাঁদের আগে থেকে কোনও ধারণা ছিল না। স্টার্কও এই সপ্তাহে বলেছেন, মাঠে কী ঘটছিল সে সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না। হ্যাজেলউড এবং লায়ন এখনও নতুন এই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।
এদিকে, তদন্ত নতুন করে শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক তদন্তের সময় প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। গত আট বছরেও নতুন কোনও প্রমাণ জমা দেওয়ার সুযোগ তাঁদের ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।