গোয়ালপাড়া: লক্ষ্মীপুর থানার হেফাজত থেকে জানালার গ্রিল ভেঙে পালিয়েছে দুই অভিযুক্ত। ঘটনায় থানার নিরাপত্তাব্যবস্থা এবং কর্তব্যরত পুলিশকর্মীদের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

পলাতক দুই অভিযুক্তের নাম জন্নতুল ফিরদৌস ওরফে রাতুল এবং নাবির। লক্ষ্মীপুর শহরে ধারাবাহিক চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁদের আটক করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতুলকে রাত প্রায় ১টা নাগাদ তাঁর বাড়ি থেকে আটক করা হয়। চুরির পাশাপাশি তাঁর বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ।

পুলিশি হেফাজতে থাকাকালীন থানার একটি জানালার গ্রিল ভেঙে দু’জন পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার সময় থানায় নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাঁরা কী ভাবে পালালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পালানোর পরে ওই দুই অভিযুক্তকে ফের গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।