মণিপুর, ১৩ নভেম্বর: তোলা আদায়ের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। অভিযানগুলি চালানো হয় ১২ ও ১৩ নভেম্বর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ নভেম্বর বিষ্ণুপুর জেলায় সিডিও এবং বিশেষ বাহিনীর যৌথ অভিযানে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি-অপুনবা)-র সদস্য, ২৮ বছরের ঙাংগোম ইবোমচা সিংহ ওরফে হারৌকে গ্রেফতার করা হয়। ইরেংবাম মামাং মাখা লেইকাই থেকে তাঁকে আটক করা হয়।
তাঁর স্বীকারোক্তি এবং তদন্তে পাওয়া সূত্র ধরে একই সংগঠনের আরও এক সদস্য, ৪১ বছরের কনজেংবাম কুমারজিত সিংহ ওরফে ঙাকপাককে নাম্বোলের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, দু’জনেই তোলা আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
অন্য দিকে, ১৩ নভেম্বর ইম্ফল পূর্ব জেলায় পৃথক অভিযানে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ-পামবেই)-এর সদস্য, ৪৭ বছরের থিংবাইজাম নাওবি সিংহ ওরফে ইয়াইমাকে গ্রেফতার করা হয়। পরমপাট থানার অন্তর্গত ওয়াংখেই আয়াংপল্লী রোড থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের অভিযোগ, সরকারি দফতর এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে তোলা আদায় করতেন তিনি। তাঁর কাছ থেকে একটি টিভিএস জুপিটার স্কুটার এবং ১০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
এ দিকে, একই সময়ে ভারত-মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের অভিযানে ৪৮ বছরের এক মায়ানমারের নাগরিককেও আটক করা হয়েছে। তাঁর নাম ছ’ইতুনৌ বলে জানা গিয়েছে। সীমান্তের ৭৫ নম্বর সীমাস্তম্ভের কাছে অভিযানে তিনটি একে-৪৭ রাইফল, ১৭২ রাউন্ড গুলি, তিনটি গ্রেনেড-সহ একাধিক সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। অভিযানের সময় আরও দু’জন মায়ানমারে পালিয়ে যেতে সক্ষম হন।