মিয়ামি, ১৫ নভেম্বর: আমেরিকার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সি করার সময় ইউপিএসের একটি কার্গো বিমান এবং কোপা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় দু’জন সামান্য আহত হয়েছেন।
স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে বিমানবন্দরের দু’টি ট্যাক্সিওয়ের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ।
কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটির সামনের অংশে ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের দিকের ধাক্কা লাগে। কোপা এয়ারলাইন্সের বিমানটি পানামা সিটি থেকে মিয়ামিতে পৌঁছে নির্ধারিত গেটের দিকে যাচ্ছিল। অন্য দিকে, ইউপিএসের কার্গো বিমানটি কলম্বিয়ার রাজধানী বোগোটার উদ্দেশে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এফএএ জানিয়েছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ইউপিএসের বিমানের পাইলটদের কোপা এয়ারলাইন্সের বিমানটিকে পথ ছেড়ে দিতে বলেছিল। কিন্তু ট্যাক্সিওয়ের সংযোগস্থলেই দু’টি বিমানের সংঘর্ষ হয়।
ঘটনার পর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ও পাইলটদের কথোপকথনের অডিয়ো রেকর্ডিং সামনে এসেছে। কোপা এয়ারলাইন্সের এক পাইলট সংঘর্ষের কথা জানানোর পরে ইউপিএসের পাইলটও স্বীকার করেন যে, তাঁদের বিমান নির্ধারিত স্থানের চেয়ে কিছুটা এগিয়ে গিয়েছিল।
আহত দু’জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন আধিকারিকেরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এফএএ-র তদন্ত চলছে।