নতুন দিল্লি, ১৫ নভেম্বর: তিন বছরেরও বেশি বিরতির পরে ভারত সফরে আসছেন পাকিস্তানের এক কেন্দ্রীয় মন্ত্রী। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর বৈঠকে সে দেশের প্রতিনিধিত্ব করবেন।
২০ থেকে ২২ নভেম্বর নতুন দিল্লিতে বসবে এসসিওর প্রথম ‘সভ্যতাগত সংলাপ মঞ্চ’। শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক মুসাদ্দিকের মনোনয়নের কথা ঘোষণা করেছে।
মন্ত্রকের বক্তব্য, এসসিও-ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা ওই বৈঠকে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানোর বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
পারস্পরিক সম্মানের ভিত্তিতে সভ্যতাগুলির মধ্যে সংলাপ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নত করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক।
২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন তৎকালীন পাকিস্তানি বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর পরে মুসাদ্দিকই পাকিস্তানের প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফরে আসছেন।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের পরে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছিল। সেই পরিস্থিতিতে এসসিওর মঞ্চে পাকিস্তানি মন্ত্রীর এই ভারত সফরকে কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
২০২৬-২৭ সালের জন্য এসসিওর পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্ব রয়েছে পাকিস্তানের হাতে। ২০২৭ সালের অগস্টে ইসলামাবাদে সেই সম্মেলন হওয়ার কথা।