বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে ভারতের তরফে দু’টি শর্তের ইঙ্গিত মিলেছে। তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু নিশ্চিত করেনি।

ইঙ্গিত মিলেছে, প্রথম শর্ত হল, বাংলাদেশ সেনাবাহিনীকে নিজেদের দায়িত্বে হাসিনাকে ভারত থেকে নিয়ে যেতে হবে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আসার সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিমান ব্যবহার করেছিলেন। এ বার বাংলাদেশ সামরিক বিমান দিল্লিতে পাঠিয়ে তাঁকে নিয়ে যেতে পারে। অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনও জায়গায় সেনাবাহিনীর প্রতিনিধিরা তাঁকে গ্রহণ করতে পারেন।

দ্বিতীয় শর্তটি হাসিনার বিরুদ্ধে চলা মামলাগুলি নিয়ে। বাংলাদেশ সরকারকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁর আপিলের সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিতে হবে বলে ইঙ্গিত মিলেছে। বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক মহল ও সংবাদমাধ্যমের নজরদারিতে হওয়াও ভারত চাইতে পারে বলে জানা গিয়েছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ে বিক্ষোভকারীদের উপর দমনমূলক অভিযান চালানোর অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে হাসিনাকে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। যদিও তিনি অভিযোগগুলি অস্বীকার করে আসছেন।

হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সে জন্য নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের আবেদনও তিনি করেছেন বলে জানা গিয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে প্রশ্নের জবাবে নির্দিষ্ট মন্তব্য করেননি। তিনি বলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে। বাংলাদেশ সরকারও শর্তগুলির কথা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। ফলে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের মধ্যে কী বোঝাপড়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।