শিলচর, ১৫ নভেম্বর: কয়েকটি সেতু ভেঙে পড়া, পেশাগত গাফিলতি এবং নিম্নমানের নির্মাণকাজের সঙ্গে জড়িত অনিয়মের অভিযোগে অসমের পূর্ত দফতরের ১০ ইঞ্জিনিয়ারকে নিলম্বন করেছে রাজ্য সরকার।

নিলম্বিতদের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন ডিভিশনে কর্মরত ৯ জন আধিকারিক এবং হাফলঙে কর্মরত এক জন আধিকারিক রয়েছেন। নির্মাণকাজের গুণমান ও দফতরের তদারকিতে গাফিলতির অভিযোগেই এই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে।

কাটিগড়া-বড়খলা ডিভিশনের নির্বাহী ইঞ্জিনিয়ার কল্লোল নাথ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার জয়দীপ নাথকে নিলম্বন করা হয়েছে। ধলাই-সোনাই ডিভিশনের সহকারী নির্বাহী ইঞ্জিনিয়ার পীযূষ চৌধুরী ও রতুল দাসের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাথারকান্দি-রামকৃষ্ণনগর ডিভিশনের নির্বাহী ইঞ্জিনিয়ার শৈবল বিশ্বাস এবং সহকারী নির্বাহী ইঞ্জিনিয়ার সুব্রত দাসকেও নিলম্বন করা হয়েছে।

হাইলাকান্দি ডিভিশনের নির্বাহী ইঞ্জিনিয়ার শুভেন্দু দাস, সহকারী নির্বাহী ইঞ্জিনিয়ার অনামুর রহমান বরভূঞা ওরফে বাবু বরভূঞা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার আমির হুসেইন চৌধুরীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিমা হাসাওয়ে উত্তর-পূর্ব পরিষদের অধীনে কর্মরত সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার শাকিল আহমেদকেও নিলম্বন করা হয়েছে। তিনি আগে ধলাই-সোনাই ডিভিশনের নির্বাহী ইঞ্জিনিয়ার ছিলেন। সেই সময়ে ঘটে যাওয়া অনিয়মের অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।