জামুগুরিহাট, ১৫ নভেম্বর: রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জামুগুরিহাটেও ছটপুজো উৎসব পালিত হচ্ছে। তৌভাঙার নবিল বহিমরা ঘাটে আদর্শ নবযুবক ছটপুজো উদযাপন সমিতির উদ্যোগে ১৫ ও ১৬ নভেম্বর দু’দিনের ৪৪তম ছটপুজো উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে এলাকার কয়েকশোর বেশি বিহারি সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ ও মহিলারা অংশ নেন।
উদযাপন সমিতি জানিয়েছে, সূর্যদেব এবং উষা বা ছটি মা তথা ষষ্ঠী দেবীর উদ্দেশে এই প্রাচীন হিন্দু লোকউৎসব পালিত হয়। অসম-সহ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত বিহারি সম্প্রদায়ের মানুষ এই পুজো করেন।
কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত ছটপুজো সাধারণত চার দিনের। প্রথম দিন পবিত্র স্নান করে সাত্ত্বিক খাবার গ্রহণ করা হয়। দ্বিতীয় দিন সারা দিন উপবাসের পরে সন্ধ্যায় গুড়ের পায়েস প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। তৃতীয় দিনে নদী বা পুকুরের ঘাটে নির্জলা ব্রত রেখে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। চতুর্থ দিন সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে ৩৬ ঘণ্টার কঠোর উপবাস সম্পূর্ণ হয়।
এই পুজোয় বিশেষ ভাবে ঠেকুয়া পিঠা, ফলমূল এবং কাঁচা বাঁশের ডালি ব্যবহার করা হয়।