গুয়াহাটি, ১৫ নভেম্বর: অসমে বিদেশি বলে ঘোষিত ১ লক্ষ ১৬ হাজার ৯৪৬ জনকে এখনও আটক করে বহিষ্কার করা যায়নি। বিদেশি নাগরিকদের বহিষ্কারের প্রক্রিয়ায় এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে গুয়াহাটি হাইকোর্ট।

১০ নভেম্বর বিচারপতি কল্যাণ রায় সুরানা ও মৃদুল কুমার কলিতার ডিভিশন বেঞ্চ হামিদা বেগম নামে এক মহিলার আবেদন খারিজ করার সময় এই মন্তব্য করে। অসম সরকারের আদালতে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যে বিদেশি বলে ঘোষিত ওই সংখ্যক ব্যক্তিকে আটক বা বহিষ্কার করা হয়নি।

চরাইদেউ জেলার বাসিন্দা হামিদা বেগমকে ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিদেশি ট্রাইব্যুনাল অবৈধ বিদেশি বলে ঘোষণা করেছিল। তিনি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টে আবেদন করেছিলেন। ২০২০ সালের অক্টোবরে তাঁর আবেদন খারিজ হয়। পরে সুপ্রিম কোর্টও ২০২৫ সালের নভেম্বরে তাঁর আবেদন এবং ২০২৬ সালের মার্চে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়।

আদালতের তথ্য অনুযায়ী, হামিদা বেগমকে গোয়ালপাড়ার ট্রানজিট শিবিরে রাখা হয়েছিল। তিন বছর আটক থাকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পরে তিনি নিয়মিত সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতেন। কিন্তু এমনই এক হাজিরার সময় তাঁকে ফের আটক করা হয়।

তাঁর আইনজীবী ফের জামিনের আবেদন জানান। কিন্তু হাইকোর্ট জানায়, বিদেশি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে উপলব্ধ সব আইনি পথ হামিদা ইতিমধ্যেই ব্যবহার করেছেন। রাজ্য সরকার এখন তাঁকে বহিষ্কারের জন্য পদক্ষেপ করেছে। সেই কারণে আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেয় আদালত।