দেরাদুন, ১৭ নভেম্বর: উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনের বেশি যাত্রী।

মুনি কি রেতি এলাকার গুলার বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি হরিদ্বার থেকে চামোলীর দিকে যাচ্ছিল। গুলার বাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজের তদারকি করতে ঘটনাস্থলে গিয়েছেন তেহরির জেলাশাসক নীতিকা খান্ডেলওয়াল এবং জ্যেষ্ঠ পুলিশ সুপার শ্বেতা চৌবে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও মৃতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। উদ্ধারকাজ চলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।