নয়াদিল্লি, ১৭ নভেম্বর: ২০০২ সালের গুজরাতের সাম্প্রদায়িক হিংসার সময় বিলকিস বানুকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির যাবজ্জীবন সাজা স্থগিত রেখে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই নির্দেশকে আইনি ভাবে চ্যালেঞ্জ জানাবেন বলে জানিয়েছেন বিলকিস।

বিলকিসের অভিযোগ, তাঁর মত না নিয়েই এবং তাঁকে বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই আদালত এই নির্দেশ দিয়েছে। ১৬ নভেম্বর আইনজীবী শোভা গুপ্তার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিলকিস বলেন, যাঁরা তাঁর জীবন ও পরিবার ধ্বংস করেছেন, তাঁদের সাজা স্থগিত করার আগে তাঁর বক্তব্য শোনা উচিত ছিল।

“আমি এই নির্দেশের বিরুদ্ধে লড়ব,” বলেছেন বিলকিস বানু।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরালের বেঞ্চ ২৮ অক্টোবর বিপিনচন্দ্র কানাইয়ালাল যোশী ও প্রদীপ রামনলাল মোধিয়ার যাবজ্জীবন সাজা স্থগিত রেখে জামিন মঞ্জুর করে। আদালত জানিয়েছিল, দু’জনেই ১৭ বছরের বেশি কারাবাস করেছেন এবং তাঁদের মধ্যে এক জন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি। আপিলে তথ্য ও আইনের একাধিক দিক খতিয়ে দেখার সুযোগ রয়েছে বলেও বেঞ্চ জানায়। বিচার আদালতের নির্ধারিত শর্তে তাঁদের জামিনে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

বিলকিস জানান, ২০০২ সালের ঘটনার সময় তিনি খুবই কমবয়সি ছিলেন। সেই ঘটনায় তিনি তাঁর মেয়ে, পরিবার, বাড়ি এবং মানবতার প্রতি বিশ্বাস হারিয়েছিলেন। গত ২৪ বছর ধরে ন্যায়বিচারের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক নির্দেশের পরে নিজের, পরিবারের এবং সন্তানদের নিরাপত্তা নিয়ে ফের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও তিনি জানান।

২০০২ সালের গুজরাত হিংসার সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। তাঁর তিন বছরের মেয়েসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়েছিল। ২০০৮ সালে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত এই মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

২০২২ সালে গুজরাত সরকার ওই ১১ দোষীকে আগাম মুক্তি দিয়েছিল। তবে ২০২৪ সালের ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট সেই রেহাইয়ের নির্দেশ বাতিল করে তাঁদের ফের কারাগারে যাওয়ার নির্দেশ দেয়। সাম্প্রতিক নির্দেশে ১১ দোষীর মধ্যে দু’জনের সাজা স্থগিত হয়েছে, তবে তাঁদের দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল হয়নি।