হায়দরাবাদ, ১৫ নভেম্বর: কংগ্রেস আয়োজিত ‘ভারত সম্মিলন ২০২৬’-এ ইতালির এক নেতার বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইউরোপীয় সোশ্যালিস্ট পার্টির মহাসচিব জিয়াকোমো ফিলিবেক ‘ভোটচোর, গদি ছাড়ো’ স্লোগান দেওয়ায় কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)।

তেলেঙ্গানার রাজধানীতে আয়োজিত ওই সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) নিয়ে চলা বিতর্কের প্রসঙ্গ তোলেন ফিলিবেক। রাহুলের প্রশংসা করে তিনি বলেন, ভোটার তালিকা স্বচ্ছ রাখা এবং ‘এক জন, এক ভোট’-এর গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রাহুল লড়াই করছেন।

দু’সপ্তাহ আগে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী দলগুলির মিছিলের কথাও নিজের বক্তৃতায় উল্লেখ করেন তিনি। তার পরেই ‘ভোটচোর, গদি ছাড়ো’ স্লোগান দেন ফিলিবেক। সে সময় রাহুল-সহ কংগ্রেসের বেশ কয়েক জন শীর্ষ নেতা মঞ্চে উপস্থিত ছিলেন।

ঘটনাটি নিয়ে সমাজমাধ্যমে কংগ্রেসকে আক্রমণ করেছেন তেলেঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দর রাও। তাঁর প্রশ্ন, বিদেশি নেতাকে ভারতের গণতন্ত্রকে উপহাস করতে দেওয়া এবং তাঁর কথায় হাততালি দেওয়া দেশদ্রোহ নয় কি?

বিআরএসের জাতীয় মিডিয়া প্যানেলিস্ট কার্তিক ইন্দ্র রেড্ডী পট্লোলাও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশি নেতার মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।