গুয়াহাটি, ১৮ নভেম্বর: খানাপাড়ায় গানস এন’ রোজেসের সংগীতানুষ্ঠান থেকে ফেরার পথে সাত যুবকের বিরুদ্ধে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে।
দিসপুর ট্রাফিক শাখার কনস্টেবল টিংকু মণি ডেকা ওই সময় খানাপাড়া এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। চলন্ত গাড়ির মধ্যে দিয়ে বিপজ্জনক ভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন সাত জনের একটি দল। কনস্টেবল তাঁদের বাধা দিলে বচসা শুরু হয় বলে অভিযোগ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবকেরা সংগীতানুষ্ঠান থেকে ফিরছিলেন এবং তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। বচসা ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এবং দলের কয়েক জন কনস্টেবলকে মারধর করেন বলে অভিযোগ।
ঘটনার পরে মঙ্গলবার রাতেই দিসপুর থানায় অভিযোগ দায়ের করেন টিংকু মণি ডেকা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের পরিচয় ও সন্ধানে তদন্ত চলছে।