হাওরাঘাট, ১৮ নভেম্বর: কার্বি আংলঙের হাওরাঘাটের কাছে নমাটি পরিষদীয় সমষ্টির অন্তর্গত মেটেকা গ্রামের খেলার মাঠে সোমবার বড়ো সাহিত্য সভার ৭৫তম প্রতিষ্ঠা দিবস বা প্ল্যাটিনাম জয়ন্তী উদ্‌যাপন করা হল। একই সঙ্গে অনুষ্ঠিত হয় দৈমা দৈচা প্রাথমিক বড়ো সাহিত্য সভার দ্বিতীয় বার্ষিক অধিবেশন।

দিনভর নানা অনুষ্ঠানে মাতৃভাষা, সাহিত্য ও নিজস্ব সংস্কৃতিচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

নমাটি ভিডিসির সভাপতি ব্রিটেন মহেলা প্রবেশদ্বারের তোরণ উদ্বোধন করেন। সকাল ৮টায় সভাপতি মহেশ্বর বড়ো মূল পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পতাকা উত্তোলনের পরে দিঘলপানী আরজ হাঞ্জা গোষ্ঠীর সদস্যেরা আরজ পরিবেশন করেন।

এর পরে অভ্যর্থনা সমিতির সম্পাদক খর্গেশ্বর বড়ো প্রতিনিধি সভার উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বড়ো নৃত্য ও গান পরিবেশিত হয়।

বিকেলে মহেশ্বর বড়োর সভাপতিত্বে খোলা সভা হয়। সম্পাদক সুভাষ বসুমতারী স্বাগত ভাষণ দেন এবং অভ্যর্থনা সমিতির কোষাধ্যক্ষ তথা শিক্ষক প্রণব কুমার খাখলারী সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি কবি, লেখক ও প্রধান শিক্ষক অজিত বসুমতারী মাতৃভাষার শ্রীবৃদ্ধি এবং নবপ্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গোপেশ চন্দ্র বসুমতারী, পবিত্র ব্রহ্ম, স্বপ্না বাগলারী, বিষ্ণু বড়ো, যতীন চন্দ্র বড়ো, বিরেশ্বর বসুমতারী, তিলক চন্দ্র বড়ো, গোবর্ধন বাগলারী ও মৌচম বসুমতারী-সহ অনেকে উপস্থিত ছিলেন। কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনাও জানানো হয়।