দু’চাকার যানবাহনের দুর্ঘটনায় মৃতদের ৬০.১ শতাংশের মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। পথনিরাপত্তার স্বার্থে দু’চাকার চালক ও আরোহীদের হেলমেট পরার বিধি আরও কঠোর ভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, হেলমেট না পরলে শুধু জরিমানা নয়, কঠোর আইনি ব্যবস্থার মুখেও পড়তে হবে। পুলিশ যানবাহন পরীক্ষা ও অভিযান আরও জোরদার করবে বলেও তিনি জানান।

হেলমেট পরা শুধু আইন মানার বিষয় নয়, তা প্রত্যেক দু’চাকার আরোহীর জীবন সুরক্ষার সঙ্গে জড়িত।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হেলমেট না-পরা দু’চাকার চালক ও আরোহীর সংখ্যা বেড়েছে। এর জেরে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলিকে ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, হেলমেট ছাড়া দু’চাকার যান চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আগের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন ভেঙে নিজের বা অন্যের জীবন বিপন্ন করতে পারবেন না। জনসুরক্ষার স্বার্থে এই অভিযান চলবে বলেও জানান তিনি।

হেলমেট না-পরা চালক ও আরোহীদের বিরুদ্ধে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। হেলমেট না-পরা আরোহীদের জ্বালানি না দিতে নির্বাচিত পেট্রল পাম্পগুলিকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, স্পিড লিমিটিং ডিভাইস বসানো নেই এমন গাড়ির বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।