নয়াদিল্লি, ২৩ নভেম্বর: গত চার বছরে ভারতে পেট্রল ও ডিজেলের দাম মাত্র ৭ শতাংশ বেড়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর দাবি, একই সময়ে বিশ্বের অন্য দেশগুলিতে জ্বালানির দাম ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
রবিবার ইন্দোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুরী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে পেট্রল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
২০২১ সালের নভেম্বর, ২০২২ সালের মে এবং ২০২৬ সালের ১০ মার্চ— তিন দফায় পেট্রল-ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছে কেন্দ্র। এর ফলে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব সরাসরি গ্রাহকদের উপর পড়া ঠেকানো গিয়েছে বলে দাবি করেন পুরী।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা বিপিসিএল, আইওসিএল ও এইচপিসিএলও গ্রাহকদের উপর অতিরিক্ত বোঝা না চাপাতে মূল্যবৃদ্ধির একাংশ নিজেরাই বহন করেছে। ক্ষতির মুখে পড়েও সংস্থাগুলি গ্রাহকদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা নিয়েছে বলে তিনি জানান।
দেশে এলপিজির ঘাটতির অভিযোগও উড়িয়ে দেন পুরী। তাঁর দাবি, দেশের তেল সংস্থাগুলি দৈনিক এলপিজি উৎপাদন ৩৪ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫৫ হাজার মেট্রিক টন করেছে। দেশের ১ লক্ষ ৭ হাজার খুচরো বিক্রয়কেন্দ্রে জ্বালানি ও গ্যাসের সরবরাহ চালু রয়েছে বলেও তিনি জানান।
তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানির দামের ক্ষেত্রে চ্যালেঞ্জ এখনও রয়েছে বলে স্বীকার করেন পুরী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাত কমলে অপরিশোধিত তেলের দামও কমবে বলে আশা করা যায়।