কোকরাঝার, ২৫ নভেম্বর: কোকরাঝার জেলার শরাইখোলা ব্যাটালিয়নে একটি নৈশভোজের অনুষ্ঠানে দুই জ্যেষ্ঠ ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) অফিসারের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে পুলিশ বিভাগের অন্দরমহলের পাশাপাশি বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ, কোকরাঝারের জ্যেষ্ঠ পুলিশ সুপার অক্ষত গর্গ শরাইখোলা ব্যাটালিয়ন চত্বরে ওই নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে পশ্চিম রেঞ্জের উপ-মহাপরিদর্শক ওয়াই টি গ্যাটসোকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল।
নৈশভোজ চলাকালীন প্রথমে দু’জনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। পরে হাতাহাতি ও মারপিটের পরিস্থিতি তৈরি হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অক্ষত গর্গ আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
ঘটনার পরে পুলিশের মহানির্দেশক জ্যেষ্ঠ আইপিএস অফিসার সুরেন্দ্র কুমারকে দু’জনের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টি মেটানোর দায়িত্ব দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
অসম পুলিশ, স্বরাষ্ট্র দফতর বা রাজ্য সরকারের তরফে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সংঘাতের কারণ এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সরকারি ব্যাখ্যার অপেক্ষা রয়েছে।