দুলীয়াজানে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত রাজু ও আমির পুলিশের গুলিতে আহত হয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল অস্ত্র উদ্ধারের অভিযানে নিয়ে যাওয়ার সময় তাঁরা পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নির্মল ঘোষ জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল অস্ত্রের খোঁজে ডিব্রুগড় পুলিশের একটি দল দুই অভিযুক্তকে নিয়ে দুলীয়াজানের বালিজান চা-বাগানে গিয়েছিল।

পুলিশের দাবি, রাত প্রায় ১১টা নাগাদ রাজু ও আমির পুলিশকর্মীদের আক্রমণ করে অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোট পাঁচ রাউন্ড গুলি চালায়। তার মধ্যে চারটি গুলি দুই অভিযুক্তের পায়ে লাগে।

রাজুর ডান পায়ে এবং আমিরের বাঁ পায়ে গুলি লেগেছে। ঘটনায় দুই পুলিশকর্মীও আহত হন। তাঁদের দুলীয়াজানের একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

আহত দুই অভিযুক্তকে রাত প্রায় ২টো নাগাদ ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। বর্তমানে দু’জনেই চিকিৎসাধীন।