ডিফু, ২৪ নভেম্বর: বিজেপি বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ ডঃ হাবে তেরণের বিরুদ্ধে এক মহিলার সম্পর্ক ও সন্তানের পিতৃত্ব সংক্রান্ত অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

কার্বি আংলঙের নিজস্ব নিয়মনীতি, প্রথাগত আদালত ও রাজা রয়েছেন, আমাদের আদালতও রয়েছে। এ সব বিষয়ে মুখ্যমন্ত্রীর কোনও মন্তব্য থাকে না। আইন-আদালত যা নির্দেশ দেবে, তা মেনে নেব।

২৪ নভেম্বর ডিফুতে সাংবাদিক বৈঠক করে ওই মহিলা দাবি করেন, ডঃ তেরণের সঙ্গে সম্পর্কের জেরেই তাঁর একটি সন্তানের জন্ম হয়েছে। সন্তানের পিতৃত্ব প্রমাণে তিনি ডিএনএ পরীক্ষা করাতেও প্রস্তুত বলে জানান।

মহিলার অভিযোগ, কোভিড অতিমারির সময়ে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ফলেই ২০২১ সালের ৪ মার্চ সন্তানের জন্ম হয়। সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেওয়ার পর ডঃ তেরণ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলেও অভিযোগ করেন তিনি।

অর্থ লেনদেন, দেখা করতে গিয়ে বাধার মুখে পড়া এবং বিভিন্ন পক্ষের কাছে গিয়েও বিচার না পাওয়ার অভিযোগও তুলেছেন ওই মহিলা। পিতৃত্ব নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষার দাবি জানিয়ে ডঃ তেরণকেও ওই পরীক্ষায় সম্মতি দেওয়ার আহ্বান জানান তিনি।

মহিলার তোলা অভিযোগগুলি নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত ডঃ হাবে তেরণের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।