শ্রীভূমি, বুধবার: ভারত-বাংলাদেশ সীমান্তে নিখোঁজ হওয়া বিএসএফ জওয়ান কে ভেনুর দেহ উদ্ধার হল কুশিয়ারা নদী থেকে। বুধবার সকালে স্টিমারঘাটের কাছে নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
রবিবার রাতে সন্দেহভাজন গোরু পাচারকারীদের আটক করতে সীমান্তে অভিযানে গিয়েছিলেন কে ভেনু। সেই সময়েই তিনি কুশিয়ারা নদীতে নিখোঁজ হন বলে সন্দেহ করা হয়।
তাঁর সঙ্গে থাকা হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নিরাপদে নদীর পাড়ে ফিরতে সক্ষম হন। বিএসএফ জওয়ানদের দেখে চার থেকে পাঁচ জন সন্দেহভাজন ব্যক্তিও নদীতে ঝাঁপ দিয়েছিল বলে জানা গিয়েছে।
প্রথমে মনে করা হচ্ছিল, নদীতে ডুবে গিয়েছেন কে ভেনু। পরে বাংলাদেশি গোরু পাচারকারীরা তাঁকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়। তবে মঙ্গলবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানায়, তাদের ভূখণ্ডে নিখোঁজ জওয়ানের উপস্থিতি সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই।
দেহ উদ্ধারের পরে তাঁর মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযানের সময় নদীতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে, নাকি অপহরণের পরে তাঁকে হত্যা করে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার সম্পূর্ণ পরিস্থিতিও স্পষ্ট হয়নি।