গুয়াহাটি, ২৫ নভেম্বর: কার্বি আংলং স্বশাসিত পরিষদের গৃহীত দু’টি বিল দীর্ঘদিন অসমের রাজ্যপালের বিবেচনাধীন থাকা নিয়ে রাজ্যপালের কমিশনার তথা সচিবকে নোটিস দিল গুয়াহাটি হাইকোর্ট। পরবর্তী শুনানির আগে জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি আশুতোষ কুমার ও বিচারপতি কৌশিক গোস্বামীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৭ সালের ২৫ জানুয়ারি।

আদালতে দায়ের হওয়া আবেদনে কার্বি আংলং স্বশাসিত পরিষদের (নির্বাচন পরিচালনা বিধি) বিল নং ১/২০১৯ এবং কার্বি আংলং স্বশাসিত পরিষদের (কার্যপ্রণালী ও কার্যপরিচালনা বিধি) বিল নং ১/২০২০-এর প্রসঙ্গ তোলা হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, যথাক্রমে ২০১৯ ও ২০২০ সালে গৃহীত হওয়ার পর থেকেই বিল দু’টি রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে।

আবেদনকারীদের দাবি, বিল দু’টিতে এখনও রাজ্যপালের সম্মতি মেলেনি, কোনও আপত্তিও জানানো হয়নি। এ ছাড়া, বিল দু’টি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়নি এবং কোনও পরামর্শ দিয়ে পরিষদের কাছেও ফেরত পাঠানো হয়নি।

দীর্ঘদিন কোনও সিদ্ধান্ত না হওয়ায় আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছিল। বিল দু’টি নিয়ে রাজ্যপালের দফতরের বক্তব্য বা আদালতে জমা দেওয়া কোনও জবাব এখনও প্রকাশ্যে আসেনি।