নয়াদিল্লি: ভারতের সুফি পরম্পরা ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য বিশ্বের সামনে মধ্যপন্থী, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের দৃষ্টান্ত তুলে ধরতে পারে বলে মত প্রকাশ করলেন ভারত-মিশর গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বিশেষজ্ঞেরা।
‘ভারত ও মিশরে সুফিবাদ: শান্তি, বহুত্ববাদ ও সহাবস্থানের অভিন্ন ঐতিহ্য’ শীর্ষক বৈঠকটির আয়োজন করেছিল ইন্দো ইসলামিক হেরিটেজ সেন্টার। নয়াদিল্লির ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে আয়োজিত এই বৈঠকে পণ্ডিত, ধর্মীয় নেতা ও শিক্ষাবিদেরা যোগ দেন।
আলোচনায় ভারত ও মিশরের ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্কের পাশাপাশি বর্তমান বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সুফিবাদের ভূমিকা উঠে আসে। বক্তাদের বক্তব্য, ধর্মীয় উগ্রবাদ, অসহিষ্ণুতা ও মতাদর্শগত মেরুকরণের বিরুদ্ধে ভারতের অন্তর্ভুক্তিমূলক আধ্যাত্মিক ঐতিহ্য বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে।
কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক তথা গ্র্যান্ড ইমামের উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ আব্দুল চেমেদ মাহান্নাই বলেন, সমসাময়িক বিশ্বে সুফিবাদের সফল মতাদর্শ হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সুফি পরম্পরাকে গ্রহণ, লালন ও টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা মধ্যপন্থী, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের দৃষ্টান্ত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
জামিয়া মিলিয়া ইসলামিয়ার আইন বিভাগের ডিন অধ্যাপক ড. গোলাম ইয়াজদানি ভারত ও মিশরকে সমৃদ্ধ বৌদ্ধিক, আধ্যাত্মিক ও নৈতিক ঐতিহ্যের অধিকারী দুই প্রাচীন সভ্যতা বলে উল্লেখ করেন। দুই দেশের মধ্যে বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
দরগাহ হজরত নিজামুদ্দিন আউলিয়ার সাজ্জাদানশিন পীর সৈয়দ ফরিদ আহমেদ নিজামি ভারতের ইতিহাসকে সহনশীলতা, প্রেম, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে গড়ে ওঠা বলে মন্তব্য করেন। মিশরের ইমাম আহমেদ রাজা কাদরি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি গোলাম মহম্মদ কাদরিও সুফি পরম্পরায় প্রেম, শান্তি ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
মুসলিম স্টুডেন্টস অর্গানাইজেশন অব ইন্ডিয়ার সভাপতি ড. শুজাত আলি কাদরি ভারতের নিজস্ব সুফি পরম্পরার প্রচার এবং অন্তর্ভুক্তিমূলক ধর্মীয় ভাবনাকে এগিয়ে নিতে এ ধরনের মঞ্চের গুরুত্বের কথা বলেন। বৈঠকের শেষে ভারতের সুফি ঐতিহ্য, শান্তি, বহুত্ববাদ ও সহাবস্থানের বার্তা আন্তর্জাতিক স্তরে আরও ছড়িয়ে দেওয়া এবং ভারত-মিশরের সভ্যতাগত সম্পর্ক মজবুত করার উপর জোর দেওয়া হয়।