নয়াদিল্লি, ২৫ নভেম্বর: হিন্দুধর্মের পবিত্র প্রতীক ‘ওঁ’ এবং ত্রিশূলের চিহ্ন-যুক্ত পোশাক পরাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন মার্কিন সুপারমডেল কেন্ডেল জেনার। তাঁর কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে ভারতীয় ব্যবহারকারীদের একাংশ তীব্র আপত্তি তুলেছেন।
বোন কাইলি জেনারের সঙ্গে বাহামাসে হেইলি বিবারের ৩০তম জন্মদিন উদ্যাপনে গিয়েছিলেন কেন্ডেল। কাইলি ইনস্টাগ্রামে সেই অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছিলেন। ছবিতে কালো বিকিনির উপর সর্ষে-হলুদ রঙের একটি সারং জড়িয়ে থাকতে দেখা গিয়েছে কেন্ডেলকে। ওই পোশাকে ‘ওঁ’ ও ত্রিশূলের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে।
ছবি প্রকাশের পরে এক্স এবং রেডিটে বিতর্ক শুরু হয়। একাংশের বক্তব্য, ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতীককে সাধারণ ফ্যাশনসামগ্রী বা সমুদ্রসৈকতের পোশাকের অংশ হিসেবে ব্যবহার করা উচিত নয়। তাঁদের মতে, হিন্দুধর্মে ‘ওঁ’-এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে।
এক ব্যবহারকারীর মন্তব্য, ‘ওঁ’ আধ্যাত্মিক সাধনা ও শ্রদ্ধার সঙ্গে যুক্ত, এটি ক্ষণস্থায়ী ফ্যাশন নয়।
আন্তর্জাতিক তারকাদের ধর্মীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রে আরও সংবেদনশীল ও সচেতন হওয়ার আবেদনও জানিয়েছেন অনেকে। তবে পাল্টা মতও উঠে এসেছে। কারও কারও ধারণা, কেন্ডেল সম্ভবত প্রতীকটির ধর্মীয় গুরুত্ব সম্পর্কে অবগত ছিলেন না।
আর একাংশ প্রশ্ন তুলেছেন, টি-শার্ট বা অন্য সাধারণ পোশাকে ‘ওঁ’ চিহ্ন থাকলে যাঁরা আপত্তি করেন না, তাঁরা বিকিনির সঙ্গে পরা সারংয়ে একই চিহ্ন দেখে কেন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ পর্যন্ত কেন্ডেলের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া বা ব্যাখ্যা মেলেনি।