গুয়াহাটি, ২৬ নভেম্বর: বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের প্রতিভা ও সামর্থ্য তুলে ধরতে অসমে প্রথমবার আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতা। ১ ও ২ ডিসেম্বর গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়ের মাঠে হবে এই প্রতিযোগিতা।
প্রতিবন্ধী সুরক্ষা সংস্থা, অসম এবং ব্লাইন্ড ক্রিকেট ফেডারেশনের উদ্যোগে গুয়াহাটি ক্রিকেট অ্যাকাডেমি ও আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়ের সহযোগিতায় প্রতিযোগিতাটির আয়োজন করা হচ্ছে। আয়োজকদের দাবি, ঝাড়খণ্ড, ত্রিপুরা ও অসম-সহ একাধিক রাজ্যের দল অংশগ্রহণের সম্মতি দিয়েছে।
১ ডিসেম্বর দুপুর ১টায় উদ্বোধনী ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়ার উপস্থিত থাকার কথা। অসম অলিম্পিক সংস্থার সম্পাদক লক্ষ্য কোঁবর-সহ কয়েক জন মন্ত্রী ও বিধায়কও উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
দু’দিনের প্রতিযোগিতা শেষে ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা অসমের দৃষ্টিহীন ক্রিকেটার চিমু দাসের আন্তর্জাতিক সাফল্যের কথাও তুলে ধরেন। তাঁদের বক্তব্য, দিল্লির দলের হয়ে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়েছেন চিমু। অসম সরকার তাঁকে অসম গৌরব পুরস্কারে সম্মানিত করার ঘোষণা করেছে বলেও জানান তাঁরা।
আয়োজকদের মতে, অসমের এক প্রতিভাবান খেলোয়াড়কে অন্য রাজ্যের দলের হয়ে খেলতে হওয়ার ঘটনাই রাজ্যে দৃষ্টিহীন ক্রিকেটের উপযুক্ত মঞ্চ গড়ে তোলার প্রয়োজনীয়তা বুঝিয়েছে।
“আমাদের সহানুভূতি নয়, সহমর্মিতা চাই।”
দৃষ্টিহীন খেলোয়াড়দের সামর্থ্য ও প্রতিভার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং বিশেষ কৌশল ও পদ্ধতিতে তাঁদের ক্রিকেট খেলার বিষয়ে সচেতনতা বাড়ানোও এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।