গুয়াহাটি, ২৬ নভেম্বর: সংবিধান দিবসে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির আওতায় অসম প্রদেশ কংগ্রেসের সংবিধান রক্ষা যাত্রায় পুলিশের বাধার অভিযোগ উঠল। মানবেন্দ্র শর্মা কমপ্লেক্স থেকে চচল পর্যন্ত মিছিলের পরিকল্পনা ছিল। কংগ্রেসের অভিযোগ, কার্যালয়ের সামনেই ব্যারিকেড বসিয়ে মিছিল আটকে দেয় পুলিশ।

মিছিল এগোতে না পারায় বিক্ষোভকারীরা ‘ভোট চোর, গদ্দি ছোড়ো’, ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’, ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ এবং ‘ভোট চুরি বন্ধ করো’ স্লোগান দেন। কর্মসূচিতে কংগ্রেস নেতা-কর্মীরা সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা, নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা রক্ষা এবং ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠার শপথ নেন।

সভায় অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ভোট চুরির প্রশ্ন থেকে জনসাধারণের নজর ঘোরাতেই মিছিল রোখা হয়েছে। ভোটচুরি ফাঁস করতে কংগ্রেস লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।

“ভোট চুরি ফাঁস করতে আমাদের লড়তেই হবে। বিজেপি-আরএসএসের কাছ থেকে আমাদের দেশপ্রেমের শংসাপত্রের প্রয়োজন নেই,” বলেন গৌরব গগৈ।

জুবিন গর্গের মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে গগৈ বলেন, বিধানসভায় জুবিন গর্গকে এক জন খুন করেছেন বলে যে দাবি করা হয়েছে, সাহস থাকলে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে জানানো হোক। সংবাদমাধ্যম ও নাগরিকদের বাক্‌স্বাধীনতা হরণের অভিযোগও তোলেন তিনি।

সভায় এআইসিসির সাধারণ সম্পাদক তথা ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান সভা সংবিধান গ্রহণ করেছিল এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হয়। তাঁর অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার সংবিধানকে দুর্বল করছে। ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কর্মসূচির শুরুতে ভূপেশ বাঘেল ও গৌরব গগৈ মহাত্মা গান্ধী এবং ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতা, বিধায়ক ও কর্মী।