দিসপুর: সংবিধান দিবসে সংবিধান রক্ষার দাবিতে দিসপুরে পদযাত্রা করল প্রদেশ কংগ্রেস। ‘সেভ ভোট, সেভ কান্ট্রি’ অভিযানের অংশ হিসেবে মানবেন্দ্র শর্মা কমপ্লেক্স থেকে এই মিছিল বেরোয়।

পদযাত্রায় অসম প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক ভূপেশ বাঘেল, সাংসদ গৌরব গগৈ, দলের বিধায়ক এবং বহু কর্মী অংশ নেন। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের রাজধানীতে কংগ্রেস সংবিধান রক্ষার শপথ নিচ্ছে বলেও জানান গৌরব।

“সংবিধান রক্ষার জন্য দেশের প্রতিটি গ্রামের মানুষকে সৈনিক হিসেবে এগিয়ে যেতে হবে। সেই প্রতিশ্রুতিই আমরা নিয়েছি,” বলেন গৌরব গগৈ।

তাঁর অভিযোগ, বিজেপি সংবিধানকে দুর্বল করতে চায় এবং বিভিন্ন জনগোষ্ঠী, জাতি, তফসিলি জাতি ও সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার ও সুরক্ষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

অসম চুক্তির উপর আক্রমণ, ষষ্ঠ তফসিলভুক্ত জনজাতির রাজনৈতিক অধিকার, নাগরিকদের বাক্‌স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের উপর আক্রমণের অভিযোগও তোলেন তিনি। গৌরবের দাবি, সংবিধান রক্ষার শপথ নেওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাই অসমে সবচেয়ে বেশি সংবিধানবিরোধী কাজ করছেন।

ভয়মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর আহ্বানও জানান গৌরব।